Friday, October 2, 2015

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) অনলাইন অ্যাপ্লিকেশন পেজে গিয়ে এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রদান করার পর আবেদনকারী যে ইউনিটের জন্য যোগ্য সেই তালিকা পাওয়া যাবে। এরপর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে প্রতিটি ইউনিটের জন্য নির্ধারিত ফি আলাদাভাবে বিকাশ, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং, ইউক্যাশ অথবা মোবিক্যাশের আউটলেটের মাধ্যমে দিয়ে লেনদেনের আইডি (Transaction ID) সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি ইউনিটের জন্য প্রাপ্ত আইডি, আবেদনকারীর মোবাইল নম্বর এবং ছবি আপলোডের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীরা ২৮ অক্টোবর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত ওয়েবসাইট থেকে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি-ইচ্ছুকদের সুবিধার জন্য প্রবেশপত্রেই আসন বিন্যাস দেওয়া থাকবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগর জন্য নয়টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Thursday, September 17, 2015

ঘড়ির কারণে গ্রেপ্তার আহমেদ মোহাম্মেদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৪ বছর বয়সী এক মুসলিম কিশোরকে স্কুলে বোমা আনার ভুল অভিযোগে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আহমেদ মোহাম্মেদ নামের ঐ কিশোর একটি ঘড়ি তৈরি করে স্কুলে আনলে শিক্ষকরা সেটি দেখে বোমা বলে সন্দেহ করেন। এক টুইটারবার্তায় মি. ওবামা আহমেদের ঘড়িটিকে ‘দারুণ’ হিসেবে উল্লেখ করে বলেন, তার মতো আরো বেশি শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠা উচিত। টেক্সাস সময় সোমবার সকালে নিজের বানানো একটি ডিজিটাল ঘড়ি নিয়ে স্কুলে উপস্থিত হয় আহমেদ মোহাম্মেদ। তবে তার শিক্ষকরা ঐ যন্ত্রটি দেখার পর উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেয়। এর কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের জন্য হাতে হাতকড়া পরিয়ে পুলিশ তাকে স্কুল থেকে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন বলছে, আহমেদ মোহাম্মদ মুসলিম হবার কারণেই তার সাথে এমন আচরণ করা হয়েছে। পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হলেও তার গ্রেপ্তারের কড়া সমালোচনা চলছে এবং অনেকেই তার প্রতি সমর্থন জানাচ্ছেন। এরই মধ্যে তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। "আমি এক শিক্ষককে দেখানোর জন্য আমার ঘড়িটি নিয়ে স্কুলে গিয়েছিলাম। কিন্তু পরে পুলিশ আসে এবং আমাকে গ্রেপ্তার করে। ওরা আমাকে বলেছিল যে, আমি নাকি একটি নকল বোমা বানানোর অপরাধ করেছি।” এক সংবাদ সম্মেলনে বলেন আহমেদ মোহাম্মেদ। আহমেদের বাবা মোহাম্মেদ এলহাসান এসেছেন সুদান থেকে। তিনি অভিযোগ করেন, নামের কারণেই তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে #IstandwithAhmed লিখে নাসার বিজ্ঞানীসহ অনেকেই আহমেদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ওবামা ছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তাকে ফেসবুক সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন।

Friday, September 11, 2015

মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন ৯ সেপ্টেম্বর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (প্রাইভেট) রেজিস্ট্রেশন কাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এই রেজিস্ট্রেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার ওই তথ্য জানানো হয়েছে।

Wednesday, September 9, 2015

মাস্টার্স শেষ পর্ব রেজিস্ট্রেশন শুরু ৯ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info/mf) থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

Monday, September 7, 2015

ভারতে বৃহত্তম হোটেল নেটওয়ার্ক বানাচ্ছেন একুশ বছরের রিতেশ

এক রাতে দিল্লীর একটি ভবনে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতে ব্যর্থ হয় আঠারো বছরের রিতেশ আগরওয়াল। ছোট্ট এই অঘটনটি তার জীবনই বদলে দেয়। ওই রাতে একটি হোটেলে থাকতে বাধ্য হয় সে এবং এমন অভিজ্ঞতার মুখে পড়ে যে অভিজ্ঞতা এর আগেও ভারতের বিভিন্ন হোটেলে থাকতে গিয়ে হয়েছে তার। 'অভ্যর্থনাকারীকে দেখি ঘুমিয়ে আছে। রুমের সকেটগুলো কাজ করছে না। তোষক ছেড়া। বাথরুমের কল থেকে পানি পড়ছে। আর সবশেষে দেখলাম তারা ক্রেডিট কার্ড নিচ্ছে না। আমি ভাবলাম, এগুলোতে যদি আমার সমস্যা হয় তাহলে অন্যদেরও সমস্যা হচ্ছে। ভারতে কেন অল্প খরচে ভাল হোটেল পাওয়া যাবে না'? বলছিলেন মি. আগরওয়াল। চার বছর পর মি. আগরওয়ালের বয়স যখন একুশ তখন তিনি অয়ো রুমস নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। এটি ৩৫টি শহরজুড়ে এক হাজার হোটেলের একটি নেটওয়ার্ক যার মাসিক আয় ৩৫ লাখ ডলার। এই প্রতিষ্ঠানটি মূলত: ছোটছোট নামগোত্রহীন হোটেলগুলোর সেবামান উন্নত করে, কর্মীদের প্রশিক্ষণ দেয় এবং অয়ো'র নাম ব্যবহার করতে দেয় এবং বদলে অয়ো রুমস ওই হোটেলটির আয়ের অংশীদার হয়। ব্যবসার অংশ হিসেবে মি. আগরওয়াল একটি অ্যাপ তৈরি করেছেন যেটি ব্যবহার করে অতিথিরা হোটেলের কামরা বরাদ্দ নিতে পারবেন, হোটেলে যাবার পথ নির্দেশনা পাবেন এবং হোটেলে পৌঁছে রুম সার্ভিসের মতো সেবাগুলোও এই অ্যাপের মাধ্যমে পাবেন। রিতেশ আগরওয়ালের এখন ইচ্ছে বিদেশেও তার এই সেবা পৌঁছে দেয়া।